ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন লার্ভিসাইডে সাফল্য 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কর্তৃক ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে গৃহীত কার্যকর পদক্ষেপ এবং আধুনিক লার্ভিসাইড ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক সংগঠন “সুরক্ষা’র প্রতিনিধিদল। সৌজন্যমূলক সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে ডেঙ্গু পরিস্থিতির যে অভাবনীয় উন্নতি হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন এবং একে নগরবাসীর জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র মহোদয়ের সঙ্গে এই সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন বর্ষাকালকে সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও পাবলিক এনগেজমেন্ট কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিগত তিন বছরের ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন মেয়র। তিনি জানান, ২০২২ সালে মোট আক্রান্ত ছিল ৩ হাজার ১০০ জন এবং মৃত্যু হয়েছিল ২৮ জনের। ২০২৩ সালে আক্রান্তের সংখ্যা ৯ হাজারে এবং মৃত্যু ৭৮ জনে পৌঁছালেও, পরবর্তীতে নেওয়া কার্যকর পদক্ষেপের ফলে ২০২৪ সালে আক্রান্ত ২ হাজার ৭৪৩ এবং মৃত্যু ১৬ জনে নেমে আসে। সর্বশেষ ২০২৫ সালে আক্রান্ত ২ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু ৮ জনে সীমাবদ্ধ থাকে।
মেয়র বলেন, ‘গত ডিসেম্বর থেকে আমরা আমেরিকান ভ্যালেন্ট বায়োসায়েন্স এলএলসি (Valent BioSciences LLC)-এর উৎপাদিত লার্ভিসাইড ব্যবহার শুরু করি। এর ফলে চলতি বছরের মে মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাত্র ১০৯-এ নেমে এসেছে এবং মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে এসেছে।’
এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশা নিয়ন্ত্রণে সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মেয়র। এসময় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং বিভিন্ন পাবলিক এনগেজমেন্ট কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
বৈঠকে ‘সুরক্ষা’ প্রতিনিধিদলের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের গৃহীত এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং দক্ষ যুবকর্মীদের তত্ত্বাবধানে ‘কুইক রেস্পন্স প্ল্যান’ স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা জেলা জজ মহিউদ্দিন মুরাদ, পাবলিক হেলথ স্পেশালিষ্ট ডাঃ রাশেদুজ্জামান মন্ডল, সামাজিক সংগঠক ও যুবনেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন হায়াত, জুলাই আহত যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল, ফারাহান জামিল, ইঞ্জিনিয়ার রাসুদুল ইসলাম রাসুদ, পরিবেশ প্রকৌশলী জুয়েল মজুমদার, আর্থিক পরিপালন বিশেষজ্ঞ আরমান আলী চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন