চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টার অভিযোগে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

নিউজগর্ডেন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ সকাল ৬টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেটে দায়িত্ব পালনকালে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্যের। পরে তাঁকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে অবহিত করা হলে তিনি তাঁর টিমসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময়ে বিষয়টি বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তির নাম মো. সোহেল এবং তিনি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও চুরির ঘটনায় তিনি কারাভোগ করেছেন বলে জানা যায়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ, আনসার সদস্যদের সতর্কতা এবং নিরাপত্তা দলের তৎপরতায় ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সূত্র: গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন, পরিচালক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম।

মন্তব্য করুন