
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সরকারের চরম দায়িত্বহীনতার পরিচয়। রমজানের আগে বাজারে দাম বাড়ানোর ক্ষেত্র প্রস্তুত করতে সয়াবিন তেল আমদানিকারক ও ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে নানা কৌশল অবলম্বন করছেন। এমনকি দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি করতে সরবরাহ বন্ধ রাখার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, গার্মেন্টস শ্রমিকসহ সীমিত আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে এমনিতেই চরম ভোগান্তিতে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে এবং নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, রমজানকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরেই ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর জন্য নানা ধরনের ফর্মুলা ও কৌশল গ্রহণ করছেন। সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখিয়ে দাম বাড়ানো হয়েছিল। কিন্তু এবার সে ধরনের যৌক্তিক কারণ সামনে না থাকলেও ব্যবসায়ীদের চাপের মুখে সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে বলে মনে হচ্ছে।
ক্যাবের এই নেতা বলেন, দেশের ১৮ কোটি ভোক্তার স্বার্থ উপেক্ষা করে শুধু ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নীতিনির্ধারণ করা হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে। এই ক্ষোভ প্রশমিত না হয়ে একপর্যায়ে জনঅসন্তোষ ও বিক্ষোভে রূপ নিতে পারে।
তিনি ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।









