গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন ঐক্য গড়ে উঠবে: গোলাম পরওয়ার

চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে।’ কথাটি সত্য। তবে এটিও সত্য যে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। যেসব শ্রমিক কঠোর পরিশ্রম ও ঘামের বিনিময়ে শিল্পকে সচল রাখেন, তাদের ন্যূনতম অধিকার নিশ্চিত করতেও অনেক ক্ষেত্রে অনীহা দেখা যায়। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবার ও অসুস্থতার সময় প্রয়োজনীয় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। দেশের সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। অস্বচ্ছ চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয়।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জাতীয় ঐক্যের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরাও ঐক্যের পক্ষে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকারই জাতীয় ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার যুক্তিতে প্রত্যাখ্যান করা যায় না। সরকার জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে। তাহলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিকজনতা ইস্পাতকঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। সঞ্চালনা করেন মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।

মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিক ও মেহনতি মানুষ। শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে। তাই রাষ্ট্রকে অগ্রগামী ভূমিকা পালন করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক-জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব শ্রম খাতে শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা দূর করতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা জরুরি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত জনগণের সামনে প্রকাশ করতে হবে। শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হয়, এমন কোনো চুক্তি শ্রমিকজনতা মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিক-মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারকেও এ ক্ষেত্রে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পাশাপাশি তাদের নৈতিকতা ও দক্ষতা বিকাশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সাইফুল্লাহ মানসুর। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান, লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন ও রাজনীতিবিদ শফিউল আলম।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের অংশগ্রহণে ২০২৭-২০২৮ সেশনের জন্য ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি পদে এস এম লুৎফর রহমান পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মনোনীত হন আবু তালেব চৌধুরী। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক।

এ সময় ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, মাওলানা মমতাজুর রহমান ও জুলাই ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন