বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা জরুরি

আগামীকাল আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস

নিউজগার্ডেন ডেস্ক: বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর অধিকার সুরক্ষায় শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা জরুরি। জন্ম নিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য আইনি প্রমাণ হিসেবে কাজ করে। এর মাধ্যমে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়।

আগামীকাল ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস (ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব চাইল্ড, আর্লি অ্যান্ড ফোর্সড ম্যারেজ)। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো উদ্বেগজনক। ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ।

বাল্যবিবাহের ফলে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়ে। অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

এ পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ সুরক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। জন্ম নিবন্ধন কেবল একটি আইনি পরিচয়পত্র নয়; এটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার অন্যতম ভিত্তি। অথচ বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের আওতার বাইরে রয়েছেন। বিদ্যমান আইনের সীমাবদ্ধতাও শতভাগ জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জনে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের সময়ই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় আসতে পারে। এতে জন্ম নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। একইভাবে এসডিজি ১৬.৯-এর লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করতে হবে, যার অন্যতম ভিত্তি জন্ম নিবন্ধন।

এ ছাড়া জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি) বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার এবং জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) ও বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ কার্যকর করার ক্ষেত্রেও সর্বজনীন জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০২৫ সালের অক্টোবরে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপেও স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করে বয়স যাচাই জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্য অর্জনে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংস্কার জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।”

মন্তব্য করুন