
নিউজগর্ডেন ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে যোগাযোগের শক্তি ও নেতৃত্বের সাহস ” এই স্লোগানে উদযাপিত হলো “কমিউনিকেশন ডে-৩, ২০২৬”।
একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার, বায়েজিদ আরেফিন নগরে এমন একটি সৃজনশীল ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. এম.এম হক, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সি.এম আতিকুর রহমান সহ বিভাগের শিক্ষকবৃন্দ।
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে বিজনেস কমিউনিকেশন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের পেশাদার যোগাযোগ দক্ষতা বিকাশে “কমিউনিকেশন ডে ২০২৬” উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিবিএ ৭৮তম ব্যাচ এবং টিএইচএম ৩৬,৪০ ও ৪২ ব্যাচের ৬০ জন শিক্ষার্থী ৮টি দলে বিভক্ত হয়ে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানান বিষয়ের উপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
কমিউনিকেশন ডে ৩.০—তে শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাভাবনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার পরিচয় দিয়ে প্রতিটি দল তাদের স্বতন্ত্র পরিকল্পনা, নান্দনিক সাজসজ্জা, আকর্ষণীয় উপস্থাপনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে যোগাযোগের বিভিন্ন দিক উপস্থাপন করে। প্রতিযোগিতায় টিম ভয়েসেস অব কমিউনিকেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে ভয়েস অব ভিনটাজ এবং তৃতীয় হয় জেন জেড কমিউনিকেশন।
প্রশংসনীয় উপস্থাপনার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক সাজ্জাদ আলম।
এই আয়োজন আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে বলেন জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।








