চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট US Coast Guard, ISPS Code বাস্তবায়নের প্রশংসা

ড্রোন নজরদারি, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী মহড়ায় মুগ্ধ আন্তর্জাতিক প্রতিনিধি দল

নিউজগার্ডেন ডেস্ক: আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিতকরণে চট্টগ্রাম বন্দরের গৃহীত পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের (US Coast Guard) আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা দল (International Port Security-IPS Team)। আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাবিষয়ক ISPS Code বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন সংস্থাটির প্রতিনিধিরা।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ পরিদর্শনে প্রতিনিধি দল বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা (Access Control System), বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, ISPS Code বাস্তবায়ন এবং নিরাপত্তা জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হয়।

পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দরের ISPS Code প্রতিপালনে উচ্চমানের কমপ্লায়েন্স এবং নিরাপত্তা জোরদারে গৃহীত অতিরিক্ত ব্যবস্থার প্রশংসা করেন US Coast Guard-এর IPS Team-এর সদস্যরা। বিশেষ করে নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোন নজরদারি ব্যবস্থা (Drone Surveillance System), সাইবার নিরাপত্তা কার্যক্রম (Cyber Security Measures) এবং সন্ত্রাসবিরোধী মহড়ার (Anti-Terrorism Exercises) বিষয়ে তাঁরা গভীর সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলের পর্যবেক্ষণে উঠে আসে, আন্তর্জাতিক বিভিন্ন বন্দরে পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে ISPS Code বাস্তবায়নে যে গুরুত্ব, আন্তরিকতা ও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে, তা প্রশংসনীয় এবং বিশ্বের অন্যান্য বন্দরের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। দেশের আমদানি-রপ্তানি, বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ এ বন্দরের ওপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রাখতে বন্দরের নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনার নিরাপত্তাবিষয়ক International Ship and Port Facility Security (ISPS) Code অনুসরণ করে বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব ধারাবাহিক উদ্যোগের ফলে পূর্ববর্তী আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ (Zero Observation) অর্জনের সাফল্য দেখিয়েছে।

সোমবারের পরিদর্শনও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সন্তোষ প্রকাশ চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, ISPS Code-এর ধারাবাহিক প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ও নিরাপত্তা উন্নয়ন উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন