চট্টগ্রাম এলএ শাখায় দালালদের দৌরাত্ম্যের অভিযোগ, ক্ষতিপূরণ পেতে ভোগান্তিতে ভূমি মালিকরা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখাকে ঘিরে দালালদের তৎপরতা বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের সঙ্গে বহিরাগতদের যোগসাজশে একটি চক্র ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা দ্রুত পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আদায় করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগ রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার ১৪৪ নম্বর কক্ষে শিপন ও সন্দীপন নামে দুই বহিরাগত ব্যক্তির নিয়মিত অবস্থান ও কার্যক্রম রয়েছে। তাঁরা জেলা প্রশাসন কিংবা ভূমি অধিগ্রহণ শাখার নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কীভাবে তাঁরা সরকারি কার্যালয়ের ওই কক্ষে অবস্থান করছেন এবং কী ধরনের দাপ্তরিক কার্যক্রমে যুক্ত রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে চট্টগ্রাম জেলা প্রশাসন এলএ শাখাকে ঘিরে ৩৮ জন দালালকে চিহ্নিত করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু পরবর্তী সময়ে আবারও দালালদের তৎপরতা বেড়েছে বলে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে অভিযোগ প্রকাশিত হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক দ্রুত ছাড় করিয়ে দেওয়ার কথা বলে একটি চক্র মোটা অঙ্কের কমিশন দাবি করে। দাবিকৃত অর্থ দিতে রাজি না হলে ফাইলের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জটিলতা তৈরি এবং দিনের পর দিন সংশ্লিষ্ট দপ্তরে ঘুরতে হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের।

এলএ শাখার কয়েকজন সার্ভেয়ার, চেইনম্যান ও জারিকারকের সঙ্গে বহিরাগতদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে অভিযোগে উল্লিখিত কর্মকর্তা-কর্মচারী কিংবা বহিরাগত ব্যক্তিদের কারও বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীন তদন্তে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, চেইনম্যান ইনসার উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইসমাইল হোসেন নিজেকে এলও পরিচয় দিয়ে কয়েকজন সেবাগ্রহীতাকে হয়রানি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও দাপ্তরিক সম্পৃক্ততা যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশ না করার শর্তে এলএ শাখার একজন কর্মচারী জানান, শাখার নিয়মিত কর্মচারী নন—এমন কয়েকজন ব্যক্তির অবাধ যাতায়াত ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে এলও মো. আনিছুর রহমান খান বলেন, “১৪৪ নম্বর কক্ষ সম্পর্কে আমার জানা নেই। তবে সার্ভেয়ার বা এলএ শাখার কারও দ্বারা কেউ হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলএ শাখার মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান নিয়ে এ ধরনের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তাঁদের মতে, ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হয়রানি বন্ধে দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সরকারি কক্ষে বহিরাগতদের অবস্থানের কারণ অনুসন্ধান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা যাচাই এবং দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন