
খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নিজ বাড়িতে পেট্রোল ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে পেট্রোল ও কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে সাদিক কায়েমের বাবা-মা অবস্থান করছিলেন।
স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, ডাকসুর ভিপি সাদিক কায়েম তার নিজস্ব ফেসবুক পোস্টে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি দাবি করেন, পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে।









