
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন জানান, ট্রেনের সামনের দিক থেকে তিন নম্বর বগিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে রেলওয়ের কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় বগির কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় এবং একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। পরে ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি শাটল ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন জানান, ঘটনাটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।









