
নিউজগার্ডেন ডেস্ক: গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনা আদায়ের আন্দোলনকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে মামলার চূড়ান্ত অভিযোগপত্রের (চার্জশিট) প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ। সংগঠনটির অভিযোগ, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্তে একপক্ষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও আন্দোলনকারীদের বক্তব্য যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি এসব অভিযোগ তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোনের সাবেক কর্মীরা তাঁদের আইনানুগ ৫ শতাংশ পাওনা ও সংশ্লিষ্ট বিলম্বজনিত পাওনা আদায়ের দাবিতে গ্রামীণফোন হাউসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হৃদ্রোগে আক্রান্তও ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটির দাবি, ওই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তাঁদের অনেকেই ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এমনকি কয়েকজন ঢাকার বাইরেও অবস্থান করছিলেন। ফলে অভিযুক্তদের উপস্থিতি, শনাক্তকরণ এবং প্রত্যেকের ব্যক্তিগত ভূমিকা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীরা জোরপূর্বক গ্রামীণফোন হাউসে প্রবেশ করেন। তাঁরা প্রবেশপথ বন্ধ করে প্রায় এক হাজার কর্মীকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা, হুমকি, গালিগালাজ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে।
তবে এসব অভিযোগের বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে ঐক্য পরিষদ। তাদের বক্তব্য, একই সময়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে এবং একপর্যায়ে তাঁদের গ্রেপ্তার করে। তাহলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও গ্রেপ্তারের পরও রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত গ্রামীণফোনের কর্মীদের অবরুদ্ধ রাখার অভিযোগ কীভাবে প্রতিষ্ঠিত হলো? এ বিষয়ে গ্রামীণফোনের সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও নির্গমনসংক্রান্ত রেকর্ড এবং স্বাধীন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, চার্জশিটে ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গ্রামীণফোনের কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। অথচ সাবেক কর্মীদের চাকরির ইতিহাসের সঙ্গে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির কথিত অপরাধের প্রাসঙ্গিকতা কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনটির ভাষ্য, তাঁরা চাকরিতে পুনর্বহাল কিংবা ব্যক্তিগত কোনো সুবিধা দাবি করছেন না; বরং দীর্ঘদিনের শ্রমের বিনিময়ে আইনস্বীকৃত পাওনা বুঝে পেতে চান।
নিজেদের ৫ শতাংশ পাওনার দাবির পক্ষে সংগঠনটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারায় শ্রমিকের মুনাফায় অংশগ্রহণ এবং ২৪০ ধারায় নির্ধারিত পরিস্থিতিতে বিলম্বজনিত সুদের বিধানের বিষয়টি তুলে ধরেছে। তাদের মতে, পাওনার দাবির চূড়ান্ত আইনগত বৈধতা নির্ধারণের দায়িত্ব আদালতের। তবে অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্যকে একতরফাভাবে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করে অধিকার আদায়ের দাবিকে অনৈতিক বা অযৌক্তিক হিসেবে উপস্থাপন করা নিরপেক্ষ তদন্তের পরিপন্থী।
মামলার চার্জশিটে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনটির বক্তব্য, কেবল আইনের বিভিন্ন ধারা উল্লেখ করলেই কারও অপরাধ প্রমাণিত হয় না। প্রত্যেক অভিযুক্তের ব্যক্তিগত ভূমিকা, উপস্থিতি ও সংশ্লিষ্টতা সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা জরুরি।
এ পরিস্থিতিতে সাত দফা দাবি উত্থাপন করেছে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার সব প্রাসঙ্গিক ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তদন্ত, উভয় পক্ষের বক্তব্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সমান গুরুত্বে মূল্যায়ন, ১৫০ থেকে ২০০ জনের জোরপূর্বক প্রবেশ এবং প্রায় এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই এবং প্রত্যেক অভিযুক্তের পৃথক দায় নির্ধারণ।
এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ বাদ পড়ে থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে অধিকতর তদন্তের ব্যবস্থা এবং সাবেক কর্মীদের ৫ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনার বিষয়ে ন্যায্য সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক কর্মীরা তাঁদের পাওনা আদায়ের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। তাঁরা কোনো সংঘাত কিংবা প্রতিহিংসা চান না; চান নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং আইনানুগ পাওনার ন্যায্য সমাধান।
সংগঠনটির দাবি, কোনো করপোরেট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রভাব যেন আইনের নিরপেক্ষ প্রয়োগ ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মামলার প্রতিটি অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ।








