
কেইপিজেডের প্রধান ফটকে স্থানীয় বেকারদের বিক্ষোভ, প্রশিক্ষণ দিয়ে নিয়োগের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থানীয় বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, স্থানীয় মানুষের জমিতে শিল্পকারখানা গড়ে উঠলেও নিয়োগের ক্ষেত্রে এলাকার শিক্ষিত ও যোগ্য বেকারদের যথাযথ অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। বরং দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় যুবকেরা কেইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কেইপিজেডের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। পরে সকাল নয়টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে স্থানীয় যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা কর্মসূচি থেকে সরে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকেরা সেখানে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। তাঁদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করে।
বিক্ষোভকারীরা বলেন, স্থানীয় মানুষের জমি ও সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরির সুযোগ না পেলে তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।
বিক্ষোভকারী মো. নাজিম উদ্দীন বলেন, ‘সকাল থেকেই আমাদের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। আমাদের মূল দাবি দুটি—প্রতিষ্ঠানটিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ করা এবং স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা। পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই পুলিশ ব্যারিকেড দিয়েছিল। এরপরও বেকার যুবকেরা সেখানে জড়ো হন।’
তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিটের বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাঁদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে, কিন্তু অভিজ্ঞতা নেই, তাঁদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’
এ বিষয়ে কোরিয়ান ইপিজেডের সহকারী উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালানো হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয়দের বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে মূলত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
তিনি বলেন, ‘দুই মাস আগে থেকেই কারখানা চালুর প্রস্তুতি হিসেবে নারী শ্রমিকদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন ও কর্মী খোঁজার কাজ চলছে। কেইপিজেডে কর্মরত ৪০ হাজার শ্রমিকের ৯০ শতাংশই স্থানীয়। আলোচনার মাধ্যমে স্থানীয়দের ভুল বোঝানো হয়েছে। এখন সবকিছু সমাধান হয়ে গেছে।’
কেইপিজেড কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি আনোয়ারায় কেইপিজেডের ইয়াংওয়ানের এভারটপ ইউনিটে লোক নিয়োগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দুই উপজেলার শিক্ষিত বেকার তরুণদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কারখানাটি চালু করতে তিন হাজারের বেশি নারী শ্রমিক প্রয়োজন। এ জন্য শুধু রাঙামাটিতে নয়, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাতেও নিয়োগের প্রচার চালানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচারমূলক ব্যানারও টাঙানো হয়েছে।
এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুওয়ানুল ইসলাম।
তিনি বলেন, ‘কর্ণফুলী উপজেলায় কেইপিজেডে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং চলমান আন্দোলন নিয়ে স্থানীয় চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছি। কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত চাকরির ব্যবস্থা করা হবে। যেসব নারীর ঘরে বসে চাকরির প্রয়োজন, কেইপিজেড কর্তৃপক্ষ তাঁদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দ্রুততম সময়ে চাকরির ব্যবস্থা করবে।’
ইউএনও আরও বলেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু কাজের অভিজ্ঞতা নেই, তাঁদের জন্য উপজেলা প্রশাসন ও কেইপিজেডের সমন্বয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের জীবনবৃত্তান্ত (সিভি) কেইপিজেড কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ পাঠানো হবে। পদ খালি থাকা সাপেক্ষে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে।








