
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, গ্রেপ্তারে ওসির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়ায় ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা তাহের জামালের বাসভবন ও আশপাশের কলোনিতে দফায় দফায় সশস্ত্র হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ২৩ নভেম্বর ভোররাত থেকে শুরু হওয়া এ হামলার ঘটনা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পর্যন্ত অব্যাহত ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে দাবি তাঁদের।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ৩টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল নগরের তুলাতলি এলাকায় বিএনপি নেতা তাহের জামালের বাসভবন ও পাশের কলোনিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে কিরিচ, ধামা ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলায় একজন আহত হন এবং কয়েকটি ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা পতিত স্বৈরাচারের মদদপুষ্ট কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, প্রথম দফার হামলার পর বিষয়টি বাকলিয়া থানা পুলিশকে জানানো হলেও নিয়মিত মামলা গ্রহণ না করে কেবল সাধারণ অভিযোগ নেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারেও পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১০টার দিকে একই সন্ত্রাসী দল আবারও এলাকায় হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশকে একাধিকবার জানানোর পর রাত ১১টার দিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই বাবুল ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সরে গেলেও পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর রাত ১১টা ৫ মিনিটের দিকে তারা আবারও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ সময় পুলিশকে খবর দেওয়ার জেরে বিএনপি নেতা তাহের জামাল, হাজী তৈয়ব ও তাঁর ভাইয়ের ছেলে সায়েমকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 
এলাকাবাসীর দাবি, ২৫ থেকে ৩০ জনের সশস্ত্র এই দলের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। দফায় দফায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ কিংবা প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তা ও অভিযুক্তদের গ্রেপ্তারে বিলম্বের কারণে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে সর্বশেষ রাত ১টা ২০ মিনিটে তিনি প্রতিবেদককে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে এসআই বাবুলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় মামলা গ্রহণ, হামলার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।








