গণভোটের রায় কার্যকর করুন: শাহজাহান

নিউজগর্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, একটি কার্যকর, শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের মতামত ও গণভোটের রায়কে যথাযথভাবে কার্যকর করতে হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি।

শনিবার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় প্রদান করেছে তা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো টেকসই ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক কর্মীদের জ্ঞান, নৈতিকতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। ইসলামের সুমহান আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য রুকনদের প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, রুকন শিক্ষা শিবির শুধু সাংগঠনিক প্রশিক্ষণের বিষয় নয়; বরং এটি আত্মশুদ্ধি, কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন, দায়িত্ববোধ সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের দায়িত্বশীল কর্মীদের নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী। তিনি কুরআনের আলোকে একজন দায়িত্বশীল কর্মীর ব্যক্তিগত চরিত্র, আমল-আখলাক, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন।

রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং রায়পুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম।

বক্তারা বলেন, নৈতিক ও আদর্শবান নেতৃত্ব ছাড়া একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য ইসলামী আদর্শের আলোকে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে রুকনদের জন্য কুরআন-হাদিসের শিক্ষা, সাংগঠনিক দায়িত্ব, আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা বিষয়ে বিভিন্ন পর্বে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রায়পুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রুকনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন