
নিউজগর্ডেন ডেস্ক: ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। সভায় মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, পরিবেশ, মৎস্য ও কৃষি খাতের পাশাপাশি শিক্ষা বিভাগ, পোল্ট্রি ও গবাদিপশু শিল্প, গণমাধ্যম, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শিক্ষার্থী এবং গবেষক প্রতিনিধিসহ ৪০ জনের বেশি অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. জাহান আরা। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে বিভিন্ন ক্যাটাগরিতে যথাসম্ভব বেশি সংখ্যক সদস্য সংগ্রহের ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়। ওয়ান হেলথ বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি সাধারণ সভা আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৩ নভেম্বর ২০২৬ ‘বিশ্ব ওয়ান হেলথ দিবস’-এ চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (অগজ) এবং খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব করা হয়। সভায় বক্তারা মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশ খাতের পাশাপাশি বন ও পরিবেশ অধিদপ্তর, শিক্ষা বিভাগ এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ডা. ইমরান বিন ইউনুসের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ হয়।









