মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে: শামসুজ্জামান হেলালী

 

চট্টগ্রাম, ২৩ অক্টোবর: মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর পুরাতন চান্দগাঁও থানাধীন রোজ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান হেলালী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে মনোনীত হন না। দলীয় ফোরামে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচিত হয়েই প্রার্থী হতে হয়। এখানে ব্যক্তিবিশেষের ইচ্ছা বা স্বার্থের ভিত্তিতে প্রার্থী হওয়ার সুযোগ নেই।

চান্দগাঁও থানা যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ফেরদৌস আরেফিনের সঞ্চালনায় এবং চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জুবায়ের।

এ সময় আরও বক্তব্য দেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, জামায়াত নেতা আবদুল কাদের পাটোয়ারী, আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাইসুর রহমান চৌধুরী তিতু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন, জামায়াত নেতা আবদুল জাব্বার, জাকের উল্লাহ, মোহাম্মদ মাশুক, মোহাম্মদ ফয়সাল, জুলাইযোদ্ধা ও চবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং আবছার উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন