
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অদ্য ১৮ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম বন্দরে একটি লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মহড়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন)। চেয়ারম্যান, চবক মহোয়ের নির্দেশক্রমে ISPS Monitoring Cell-এর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরে এ লাইভ অ্যান্টি-টেররিজম মহড়ার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে ওInternational Ship and Port Facility Security (ISPS) Code একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, যা জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রণীত। পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত ড্রিল ও মহড়া পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর–১, স্তর–২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর–৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়। মহড়ার উল্লেখযোগ্য পরিস্থিতিগুলোর মধ্যে ছিল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা ও আহতদের উদ্ধার, সংঘবদ্ধ ব্যক্তিদের জোরপূর্বক গেট দিয়ে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্তকরণ ও সিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা।
মহড়ার শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার এবং চারজন অনুপ্রবেশকারীর কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর–৩ ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল ও কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে কন্টেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তরের বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।
এছাড়াও অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলাস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিমের সমন্বিত কার্যক্রম এবং সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয়করণে বাংলাদেশ নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের অংশগ্রহণ মহড়াকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করে তোলে।
মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নি নির্বাপণ দল এবং কমান্ডো দল, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ অংশগ্রহণ করে। মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।
মহড়ার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয় এবং পুনরায় নিরাপত্তা স্তর–২ ও স্তর–১ কার্যকর করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি প্রদর্শন করা হয়।
এই মহড়ার মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক ISPS Code-এর নির্দেশনা অনুসরণ করে বন্দর নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জরুরি নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে বদ্ধপরিকর।









