
নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইতোমধ্যে পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামীলীগ তার নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সরকার আইন শৃংখলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবে। ফ্যাসিবাদ পুনঃ প্রতিষ্ঠার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এলক্ষ্যে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা, থানা ও পৌরসভা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে সরকারদলীয় সাংসদগণ সংবিধান সংস্কারের শপথ নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। অবিলম্বে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ ৭ দফা জনদাবি বাস্তবায়ন করার আহবান জানান।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন বাজি রেখে ফ্যাসিবাদকে উৎখাত করেছিল। পতিত স্বৈরাচার দেশকে পুনরায় ধ্বংসের পাঁয়তারা করলে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা আবার জুলাই যোদ্ধা হয়ে তাদের প্রতিহত করবে, ইনশাআল্লাহ।









