টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১

উদ্ধার জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঢাকায়ও মামলা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারে জাল ভিসা তৈরির সরঞ্জামসহ একটি চক্রের সন্ধান পেয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে অভিযানে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে আব্দুল মাবুদের হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারাও যুক্ত রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর ৪১, তারিখ ২২ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা সংযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা পাসপোর্টগুলো কার, কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছিল এবং জাল ভিসা তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন