
নিউজগার্ডেন ডেস্ক: শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বাদ মাগরিব নগর বিএনপির সদস্যসচিব জনাব নাজিমুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের কনিষ্ঠ পুত্র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী এমপি।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে হুম্মাম কাদের চৌধুরী এমপি বলেন, তাঁর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছিলেন। তাঁকে বিচারিক হত্যার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্যই ছিল বিরোধী রাজনৈতিক শক্তিকে নির্মূল করা এবং গুম, খুন ও হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা। তাঁর বাবা সরকারের অন্যায়, অনিয়ম, অপকর্ম ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি ছিলেন অকুতোভয় প্রতিবাদী, স্পষ্টভাষী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো দ্বিধা করতেন না, কাউকে তোয়াজ বা তোষামোদ করে নিজের অবস্থান পরিবর্তন করতেন না। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর বাবার এমন অবস্থানই তাঁকে তৎকালীন সরকারের আক্রোশের মুখে ঠেলে দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাঁর বাবার রাজনৈতিক আদর্শ, সাহসিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা নেতাকর্মীরা সবসময় স্মরণ রাখবেন। এ সময় তিনি দেশবাসীর কাছে তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহমেদ, মাহাবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এম আতাউল্লাহ সম্রাটসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।









