
নিউজগার্ডেন ডেস্ক: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বৈষম্যমুক্ত সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
রবিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ উল্লাহ আরো জানান, এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হন। তাক্বওয়ার গুণাবলী অর্জনে ঈদুল ফিতরের তাৎপর্য অনেক বেশি।
তাক্বওয়ার গুণাবলী একজন ব্যক্তিকে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে অনুপ্রাণিত করে। ধনী-গরিব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।
বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত ও নিহত, শাপলা-গণহত্যা, ২০২১-এর মোদিবিরোধী আন্দোলন ও সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি।
ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে জানিয়ে তিনি আরো জানান, গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে। তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণির মানুষ শরিক হতে পারে, সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। কোনও অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছল ব্যক্তি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।
এছাড়াও গাজায় চলমান গণহত্যার শিকার নিরপরাধ মানুষের প্রতি গভীর সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, দখলদার বাহিনীর নির্মম হামলায় শিশু, নারী ও সাধারণ মানুষের যে ভয়াবহ নিপীড়ন চলছে, তা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানান তিনি।









