বৈষম্যবিরোধী নেত্রী ইলার পাশে চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. ফজলুল হক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক হাসপাতালে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র মাহবুবা ইলা খাদিজার খোঁজখবর নিয়েছেন। সোমবার (১৯ মে) তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইলাকে দেখতে যান এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ডা. ফজলুল হক বলেন, “সততা ও নিঃস্বার্থভাবে রাজনীতিতে টিকে থাকা অত্যন্ত কঠিন, তবে যারা আদর্শ ধরে রাখে, তারাই দীর্ঘমেয়াদে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে।” তিনি আরও বলেন, মাহবুবা ইলার নেতৃত্ব, সাহসিকতা ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।

সাক্ষাৎকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তাওহীদ আজাদ, আমরা চাটগাঁবাসী সংগঠনের সেক্রেটারি এবিএম ইমরান, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও সহকারীবৃন্দ।

জানা যায়, গত ১৪ মে গভীর রাতে এনসিপি নেত্রী মাহবুবা ইলা হঠাৎ করে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার স্বজনরা দ্রুত তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তিনি শ্বাসযন্ত্রের ইনফেকশনজনিত সমস্যায় ভুগছেন, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

সাক্ষাৎ শেষে ইলার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন