বয়ান শিল্পাঙ্গনের নতুন নাটক ‘অ-মীমাংসিত?’

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ২৩ নভেম্বর ২০২৬, সোমবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর লেকচার হলে বয়ান শিল্পাঙ্গনের চতুর্থ প্রযোজনা ‘অ-মীমাংসিত?’ মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়েম উদ্দীন।

​‘অ-মীমাংসিত?’ নাটকটি গতানুগতিক বায়োগ্রাফিক্যাল বা জীবনীমূলক নাটক নয়। এটি ইতিহাসের এক রক্তাক্ত দলিল এবং সমসাময়িক সময়ের এক সত্য রূপ। দেশের অন্যতম চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হানের জীবন ও কর্মের আড়ালে লুকিয়ে থাকা রহস্য তথা ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে ভাইকে খুঁজতে গিয়ে তাঁর হারিয়ে যাওয়া বা শহীদ হওয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প।

​নাটকটির নাট্যকার ও নির্দেশক সায়েম উদ্দীন জানান, এতে কৃত্রিমতা না রেখে শুধু শরীর ও কণ্ঠের ব্যবহারের মাধ্যমে ইতিহাসের নির্মম সত্যকে নতুন করে দর্শকের সামনে হাজির করার একটি সাহসী প্রয়াস।
​মঞ্চায়ন সময়সূচি:
২৩ নভেম্বর সোমবার টিআইসির লেকচার হলে নাটকটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে:
​প্রথম মঞ্চায়ন: বিকেল ৪:১৫ মিনিট​
দ্বিতীয় মঞ্চায়ন: সন্ধ্যা ৫:৪৫ মিনিট
​তৃতীয় মঞ্চায়ন: সন্ধ্যা ৭:১৫ মিনিট

​নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্ত ভৌমিক, প্রিয়ন্তী দে, অবন্তি বিশ্বাস দিঘী, পলক বড়ুয়া, আবদুল্লাহ মুহাম্মদ সাজিদ, মুক্তা সাহা, অনিক বড়ুয়া, রক্তিম বড়ুয়া। এছাড়া আলোক প্রক্ষেপণে রয়েছেন বড়ুয়া সীমান্ত ও রিপন বড়ুয়া এবং আবহ সংগীত প্রয়োগে এম এ তাহসিন ও রক জার্মান ডায়াস।
​নাটকপ্রেমী ও সংস্কৃতিমনা সর্বসাধারণকে এই মঞ্চায়নে উপভোগ করার জন্য বয়ান শিল্পাঙ্গনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্তব্য করুন