কর্ণফুলিতে আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ 

চট্টগ্রামের কর্ণফুলিতে আ’লা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণ, লক্ষ্যাচর জামেয়া রজভীয়া আজিজিয়া দরছে নেজামী মডেল মাদ্রাসা এতিমখানা ও হেফজ সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ জুন ২০২৫) বিকালে উপজেলার লক্ষ্যাচর এইচ টি কনভেনশন হলে রজভীয়া আজিজিয়া তৌছিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রজভীয়া আজিজিয়া দরসে নেজামী মডেল মাদ্রাসা হেফজ ও এতিমখানার পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুফতি আবু ছাদেক রেজভী, বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালক মুহাম্মদ ছাদেক আলী আমিরী ও উপপরিচালক এইচ এম আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ অছিউর রহমান আল কাদেরী, উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমরান উদ্দিন, সংবর্ধিত অতিথি ছিলেন কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও উপবন সংরক্ষক জিএম মোঃ কবির এবং মসজিদে আ’লা হযরত এর প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ইসমাইল রেজভী, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, হাজী মঈনুদ্দিন মঈনু, মোহাম্মদ সালেহ নূর, আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোরশেদ নূর, ছাত্র প্রতিনিধি জাবেদুল ইসলাম প্রমুখ।

বিগত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে লক্ষ্যাচর জামেয়া রজভীয়া আজিজিয়া দরছে নেজামী মডেল মাদ্রাসা, পটিয়া কুসুমপুরা হাই স্কুল ও কলেজ এবং দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলি উপজেলার স্কুল ও মাদ্রাসার ২য় শ্রেণি হতে ১০ম শ্রেণির জেনারেল ও নূরাণী শাখার প্রায় ৩০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তন্মধ্যে তিন ক্যাটাগরিতে ট্যালেন্ট ফুল ২৩ জন, এ গ্রেড ৫২ জন এবং সাধারণ গ্রেডে ১২৩ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং দুজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন “আজকের এই আনন্দঘন মুহূর্তে, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং গুণীজনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

বৃত্তি পরীক্ষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে সহায়ক। আজকের এই অনুষ্ঠানে যারা পুরষ্কার পেয়েছে, তারা তাদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলস্বরূপ এই স্বীকৃতি অর্জন করেছে। একই সাথে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, সেই গুণীজনদের সংবর্ধনা জানাতে পেরে আমরা আনন্দিত। তাদের কর্ম ও জীবন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা তাদের শিক্ষাজীবনে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে। একই সাথে, গুণীজনদের সম্মান জানানোর মাধ্যমে আমরা সমাজের প্রতি তাদের অবদানের স্বীকৃতি দিচ্ছি।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ আরও আলোকিত ও উন্নত হবে, এই প্রত্যাশা করি।”

বৃত্তি পরীক্ষার কেন্দ্রীয় পরিচালক মোঃ সাদেক আলী আমেরির হাত হতে পুরস্কার ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহানুম বিনতে নেজাম।

মন্তব্য করুন