
নিউজগার্ডেন ডেস্ক: কুমিল্লার মুরাদনগর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ধর্ষণের ঘটনায় শিকার হওয়া হিন্দু নারী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ সন্ধ্যায় পরিষদের সদস্য সচিব সৌরভ প্রিয় পাল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে ভিকটিমের বাড়িতে উপস্থিত হন।
পরিষদের নেতৃবৃন্দ ভিকটিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁদের মানসিকভাবে সান্ত্বনা দেন। ভবিষ্যতে আইনি, সামাজিক কিংবা নিরাপত্তাজনিত যেকোনো সমস্যায় পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। পাশাপাশি সহানুভূতির নিদর্শনস্বরূপ ভিকটিম পরিবারের হাতে নগদ সহায়তাও তুলে দেওয়া হয়।
সৌরভ প্রিয় পাল বলেন, আমরা শুধুমাত্র ধর্মীয় নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই আপনাদের পাশে এসেছি। এই নির্মম ঘটনার আমরা গভীরভাবে নিন্দা জানাই এবং সমাজের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।
তিনি আরও বলেন, ধর্মীয় সংগঠনের পাশাপাশি যেহেতু আমাদের প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচয় আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ঘটনার খোঁজখবর রাখছেন এবং সহানুভূতির সঙ্গে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ব্যক্তিগতভাবে ও সাংগঠনিকভাবে আপনাদের পাশে থাকব।
পরবর্তীতে পরিষদের প্রতিনিধিরা স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথেও সাক্ষাৎ করেন। তারা মামলার অগ্রগতি ও আসামিদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ওসি আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরিষদের পক্ষ থেকে এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধে সমাজে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা নিশ্চিত করতে একটি সামগ্রিক উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়।
উক্ত সফরে আরও উপস্থিত ছিলেন পরিষদের আজীবন সদস্য দোলন দেব, সদস্য বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, মিঠুন বৈষ্ণব, সুব্রত আইচ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।









