চট্টগ্রামে সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার সুমন হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকার মো. মজিবুল হকের ছেলে। সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের সময় সুমন দক্ষিণ পাহাড়তলী এলাকায় অবস্থান করছিল। সুমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে। তাকে ডাবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, সুমনের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন