
নিউজগার্ডেন ডেস্ক: নবীজির (সা.) দৃষ্টিতে “সেরা মানুষ” বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা বিভিন্ন উত্তম গুণাবলী ও কাজের মাধ্যমে অন্যদের চেয়ে আলাদা। তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য হলো: নামাজে মনোযোগ, বিনয়ী হওয়া, উত্তম চরিত্র, মানুষের উপকার করা, জ্ঞান অর্জন ও বিতরণ করা এবং আল্লাহর প্রতি অনুগত থাকা।
১. তোমাদের মধ্যে সর্বসেরা সে, যে কোরআন শিখে এবং শেখায়। -সহিহ বোখারি : ৫০২৭
২. নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। -সহিহ বোখারি : ৬০৩৫
৩. তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। -সহিহ বোখারি : ২৩০৫
৪. তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না। -জামে তিরমিজি : ২২৬৩/২৪৩২
৫. তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের কাছে ভালো। -ইবনে হিব্বান : ৪১৭৭
৬. তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয়। -সহিহুল জামে : ৩৩১৮
৭. তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি, যে নামাজে কোমল-স্কন্ধ। অর্থাৎ কেউ নামাজের কাতারে প্রবেশ করতে চাইলে কাঁধ কোমল করে তাকে সুযোগ দেয়। -সুনানে আবু দাউদ : ৬৭২
৮. সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ এবং কর্ম ভালো হয়। -জামিউল আহাদিস : ১২১০১
৯. সেরা মানুষ সে, যে মানবতার জন্য অধিক কল্যাণকর-উপকারী। -সহিহুল জামে : ৩২৮৯
১০. শ্রেষ্ঠ মানুষ হলো সে, যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবিরা প্রশ্ন করলেন, সত্যবাদী মুখ বুঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরবিশিষ্ট কে? নবীজি (সা.) ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ-নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ। -সহিহুল জামে : ৩২৯১
১১. মহান আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। -জামে তিরমিজি : ১৯৪৪









