
নিউজগার্ডেন ডেস্ক: গুমের সংস্কৃতি চালু করে র্যাব এ মন্তব্য করে সংগঠন অধিকার-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গুমবিরোধী সমাবেশ ও র্যালিতে বক্তারা র্যাব বিলুপ্তির দাবি জানান। বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করেন।
আজ ৩০ আগষ্ট (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত র্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি। তিনি বলেন, আজকে আনু মোহাম্মদরা মব নিয়ে কথা বলেন। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আনু মোহাম্মদরা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। কিন্তু আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর যখন ভয়াবহ মব করা হয়েছিল তখন আনুরা মুখে কুলুপ এঁটেছিল। ১৯৯৬ সালে সরকারি কর্মকর্তা আবু আলম, শহীদ খানরা জনতার মঞ্চ সৃষ্টি করে বাংলাদেশে প্রথম মব কালচার শুরু করে। পুরো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনপ্রশাসনকে বিভক্ত করে দিয়েছিল তারা। জনতার মঞ্চের কুশিলবরা এখন আবার নতুন করে সক্রিয় হয়েছে। আজকে আবু আলম খান, শহীদ খানরা আবার সোচ্চার হয়েছে। সরকারকে বলতে চাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। আনু মোহাম্মদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মব সৃষ্টি নিয়ে তিনি যেসব বক্তব্য দেন, তিনি নিজেও ফ্যাসিস্টের সহযোগী। তিনি অবস্থান পাল্টে বিভ্রান্তি ছড়াচ্ছেন।”
অনুষ্ঠানে অধিকারের স্টেটমেন্ট পাঠ করেন মীর বরকত। আব্দুল্লাহ মজুমদার ও শাহজালালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি নাজের হোসেন, এডভোকেট মোস্তফা নূর, আমার দেশের ব্যুরো চীফ সোহাগ কুমার বিশ্বাস, এডভোকেট সাইফুল আবেদীন, সাংবাদিক কামাল পারভেজ এবং গুমের শিকার ভিকটিম পরিবারের সদস্য আব্দুল মান্নান, আনিকা আক্তার নূর ও সৌদি আরা বেগম। সমাবেশ শেষ করে একটি র্যালী প্রেসক্লাব থেকে শুরু করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীর।









