ডাকসুতে ভিপি সাদিক ও জিএস ফরহাদ

নিউজগার্ডেন ডেস্ক: ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।

এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোঃ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন ১৪০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোঃ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।

সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে।

রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।

তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

এর মধ্যেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন ৩৩৮৯টি।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।

তবে নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

এছাড়া ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি ও সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী নির্বাচিত হয়েছেন।

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।

মন্তব্য করুন