
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির সমর্থক সংগঠন ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। ‘আলোকিত মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে’ এই পরীক্ষাটি মূলত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত দলটির ৩১ দফা কর্মসূচির আলোকে অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়সহ সকল পেশাজীবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরবর্তীতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। সংগঠনের চেয়ারম্যান আলমগীর নূর জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশী জাতীয়তাবাদ এবং উদার গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি প্রগতিশীল প্রজন্ম তৈরি করা। তিনি আলো বলেন, শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের ব্যতীক্রমধর্মী মেধাবৃত্তির উদ্যোগ সমাজ ও রাষ্ট্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। একজন শিক্ষার্থীর সাফল্য কেবল তার পরিবারের নয় বরং গোটা সমাজ ও দেশের গৌরব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে শুধু মেধা নয়, প্রয়োজন সৎ চরিত্র ও দায়িত্বশীলতা। শিক্ষার্থীদেরকে নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি আলোকিত ও সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সবাই মিলে ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। কল্যাণমুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুমহান প্রত্যয়ে বিএনপি বদ্ধপরিকর।
পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, বিএনপি ঘোষিত ১৮০ দিনের শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক দেশীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী। এছাড়া, শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যবই এবং সামাজিক ও নৈতিক শিক্ষার ওপরও প্রশ্ন থাকবে। বিস্তারিত তথ্য খুব শীঘ্রই সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। পুরোষ্কার হিসাবে নগদ টাকাসহ শিক্ষাসামগ্রী, সনদ দেয়া বৃত্তিপ্রাপ্তদেরকে।









