
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার হাজীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং দলটির কর্মী সরওয়ারকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনি প্রচারে গিয়েছিলেন। সেখানে উনার ওপর হামলা হয়েছে। উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এভারকেয়ার হাসপাতালে আছেন। উনি ঝুঁকিমুক্ত আছেন বলে আমরা জানতে পেরেছি। আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখছি।’
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল বলেন, নগরীর তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে নির্বাচনি সভা করেছেন এরশাদ উল্লাহ ভাই। সভা শেষ করে তিনি সেখানে একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন। মসজিদ থেকে বের হওয়ার পর তিনি হেঁটে যাওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিতে গুলি করে।
জানতে চাইলে এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ বলেন, আমার বাবাকে গুলি করা হয়েছে শুনেছি। বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সেখানে যাচ্ছি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সন্ধ্যায় বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম-৮ আসন থেকে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।
এদিকে এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন।









