
এস এম অলিদুল হুদা ওয়ালিদ, চন্দনাইশ: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ডঃ কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম নিজেকে মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম বিদ্রোহী সেনা অফিসার হিসেবে তুলে ধরে বলেন, এই বক্তব্যের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরে ডকুমেন্ট সংরক্ষিত আছে। তিনিই স্বাধীনতার ঘোষণা না দিয়ে সিনিয়র অফিসার মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দেয়ার প্রস্তাবের কথা উল্লেখ করেন।
তিনি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, পলায়নকৃত ফ্যাসিস্ট সরকারের অপরাধীদের ফিরিয়ে দিন, আমরা তাদের বিচার করবো, অপরাধী হলে শাস্তি পাবে নয়তো মুক্তি। নয়তো আপনাদের কোন অপরাধী এই দেশে আশ্রয় নিলে সহযোগিতা পাবেন না বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ভারতীয় জনগণ আমাদের শত্রু নয়, শত্রু হলো সেই দেশের সরকার। কারণ তারা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই, নাক গলাতে চাই। আমরাতো তাদের বিষয়ে নাক গলায় না। তাদেরকে এসব বন্ধ করতে হবে, নয়তো পরিণাম শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দীর্ঘ আধাঘণ্টা স্থায়ী বক্তব্যে দলীয় কর্মীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি হচ্ছে এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে সবচেয়ে সহজ উপায়ে জনগণের সেবা করা যায়। তিনিই বাংলাদেশে একমাত্র দুর্নীতিমুক্ত রাজনীতিবিদ। ফ্যাসিবাদী শাসনামলে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু একটি অভিযোগও প্রমাণিত হয়নি বলে উল্লেখ করেন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে নেতাকর্মীদের নির্দেশনা দেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন, সবশেষে সবাইকে সরব ও বিপুল উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আজ দোহাজারী পৌরসভা এলডিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোহাজারী পৌরসভা এলডিপি’র সভাপতি মোহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উমর ফারুক।
বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া সাধারণ সম্পাদক আকতারুল আলম।
বিশিষ্ট এলডিপি নেতা পলাশ দত্ত ও পিন্টু নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা এলডিপি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আ ন ম সালাউদ্দিন, সহ দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও দোহাজারী পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক উমর ফারুক বলেন, ” আমি, আপনাদের এবং এই এলাকারই সন্তান, সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, অত্র এলাকার চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চাই। আপনাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়ে দায়িত্ব নিতে চাই।
তিনি আরো বলেন, আমি বিদেশের মাটিতে উচ্চ শিক্ষা গ্রহণ করে, দেশের সেরা বিদ্যাপীঠে পাঠদানের অভিজ্ঞতার আলোকে, পলায়নকৃত ফ্যাসিস্ট সরকারের ধ্বংসযজ্ঞ থেকে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই”।
দোহাজারী পৌরসভা এলডিপি’র সভাপতি লেয়াকত আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মীসভার সমাপ্তি ঘোষণা করা হয়।









