৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি শক্তিশালী গণতন্ত্র গড়ার জন্য ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এ মুহূর্তে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। জুলাই অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের জন্য এখন নানা অপচেষ্টা ও ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের এই দিনে, সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ জনগণের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তার অবস্থা থেকে বেরিয়ে নতুন এক যাত্রা শুরু করেছিল। ৭ নভেম্বর ১৯৭৫ সালে ঢাকাসহ সারাদেশের রাজপথে হাজারো মানুষ সিপাহী-জনতার এই অভ্যুত্থান উদযাপন করতে নেমে আসে। সেই মুহূর্তেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন।

তিনি গতকাল ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের ষোলশহর ২ নং গেইট বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেন, ৭ নভেম্বরের পর থেকে বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশ শুরু হয়। উদিত হয় নতুন আশার আলো, যার নায়ক ছিলেন ইতিহাসের সেই মহান সন্তান- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জনগণ সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছিল। বছরের পর বছর নানা ষড়যন্ত্র চললেও, সেই সব ষড়যন্ত্র ভেদ করে জিয়া আজও মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কর সিকদার, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াকুব আলী সিফাত, সাবেক নেতা এডঃ জসিম উদ্দিন হিমেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন শাকিল, নরুল কবির।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবিরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য মনজুরুল আলম, শোয়াইভ পারভেজ ইমরান সামি, আরাফাত, তারেক, হাসনাত, রাকিব সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন