
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতির মুক্তির প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন কিন্তু কখনো আপোস করেননি। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের নেত্রী।
তিনি শুক্রবার (২ জানুয়ারী) বাদে জুমা নগরীর আতুরার ডিপো চামড়া গুদামের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর কাঁচা চামড়া আতড়দার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণকালে এসব কথা বলেন।
বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন হিরুর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হানিফ।
এসময় ইদ্রিস আলী বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে সংগ্রাম করে গেছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সাহসী ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। চলমান সময়ে দেশনেত্রীর নেতৃত্বে পুরো দেশ এক কাতারে চলে এসেছে। তাঁর এই নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার মৃত্যুতে পুরো দেশের মানুষ শোকাহত।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মফিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা। বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের নেতা মহিন উদ্দিন, মো. জসিম উদ্দিন সহ নেতৃবৃন্দ।









