
নিউজগার্ডেন ডেস্ক: গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ২৬ সদস্যের একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন চট্টগ্রামে। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারা চিটাগং সিনিয়রস ক্লাবে পৌঁছাবেন।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, রোটারি ক্লাব অব আগ্রাবাদের নেতৃবৃন্দ এবং আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের প্রতিনিধিরা।
চট্টগ্রাম নগরের হালিশহরের ফুল চৌধুরী পাড়া বি-ব্লক এলাকায় অবস্থিত আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালের সহযোগিতায় আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ১২ দিনব্যাপী এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চলবে।
রোটারি ক্লাব অব আগ্রাবাদ ও যুক্তরাষ্ট্রভিত্তিক রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এ বছর ১১তম বারের মতো এই মানবিক চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় অ্যাসিডে দগ্ধ, ঠোঁট কাটা, তালু কাটা এবং বিভিন্ন জন্মগত ত্রুটিসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।
চিকিৎসক দলে রয়েছেন যুক্তরাষ্ট্র, হল্যান্ড ও মিশরের প্লাস্টিক সার্জন, অ্যানেসথেটিস্ট, শিশু বিশেষজ্ঞসহ বিভিন্ন মেডিকেল ও নন-মেডিকেল স্বেচ্ছাসেবক। রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল ১৯৯৩ সাল থেকে বিশ্বব্যাপী গরিব ও অসহায় মানুষের জন্য মানবিক চিকিৎসা সেবা দিয়ে আসছে।
রোটাপ্লাস্ট ২০২৬ সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব আগ্রাবাদের সদস্য রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী জানান, এই ১২ দিনব্যাপী কার্যক্রমে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। ইতিমধ্যে প্রায় ৩০০ জন রোগী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রাথমিকভাবে প্রায় ১৫০ জনকে প্রাক্-বাছাই করে ৩ ফেব্রুয়ারি হাসপাতালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শারীরিক সক্ষমতা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোটাপ্লাস্টের চিকিৎসকেরা চূড়ান্তভাবে রোগী নির্বাচন করবেন।
এ ছাড়া বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের সদস্য এবং সিজিএস স্কুলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে এই মিশনে কাজ করবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি বিষয়ক সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি কয়েকজন স্থানীয় চিকিৎসক হাতে-কলমে প্রশিক্ষণের জন্য এই আন্তর্জাতিক চিকিৎসক দলের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।









