অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব: এস এম লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক ও ইসলামী দায়িত্ব আখ্যা দিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিক সমাজের সুখ-দুঃখের অংশীদার হওয়াই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল লক্ষ্য।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সকাল ১১টায় হাবিব টাওয়ারস্থ থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফছার হোসেন ভূইঁয়া।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় অসহায় ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করে। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও অনেক সময় তারা নানাবিধ সংকট ও বঞ্চনার শিকার হয়। তাই তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, শ্রমিকদের প্রতি মালিকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক আচরণ নিশ্চিত করা মালিকদের কর্তব্য। শ্রমিকের প্রাপ্য অধিকার নিশ্চিত হলে শিল্পখাতে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

রাষ্ট্রের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। শ্রমিকবান্ধব নীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে না।

তিনি আরও বলেন, ইসলামে শ্রমিকের অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। ইসলামের শিক্ষা হলো—শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে এবং তার সাথে ন্যায় ও মানবিক আচরণ করতে হবে।

সমাজে বৈষম্য দূরীকরণে যাকাতের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, যাকাত সুষ্ঠুভাবে বণ্টন করা হলে দরিদ্র ও শ্রমজীবী মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। ইসলামের এই অর্থনৈতিক ব্যবস্থাকে যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে সমাজে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস এম মোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমির হোসেন সুমন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন মানিক, মোহাম্মদ জয়নাল আবেদীন, আবি বক্কর প্রমুখ।

মন্তব্য করুন