বাল্যবন্ধুদের নিয়ে চেরাগী পাহাড়ে ইফতার মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: পবিত্র মাহে রমজানকে ঘিরে বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হলো বাল্য বন্ধুদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। আজ ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় লুসাই হলে অনুষ্ঠিত এ আয়োজন প্রাণবন্ত উপস্থিতিতে হয়ে ওঠে উষ্ণ ও আনন্দঘন।
দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হলো সহপাঠীরা। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা পেরিয়ে প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মিলনমেলা যেন ফিরিয়ে আনে বাল্য জীবনের সেই সোনালী দিনগুলোর স্মৃতি। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ, জাতির মঙ্গল কামনা করেন। পাশাপাশি প্রয়াত সহপাঠী ও শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনাও করা হয়। আয়োজনে উপস্থিত বন্ধুরা জানান, এমন আয়োজন শুধু ইফতার নয়, বরং এটি বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি উপলক্ষ।
অনেকেই বলেন, “সময়ের ব্যবধানে আমরা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই ধরনের আয়োজন আমাদের আবার এক সুতোয় গেঁথে দেয়।” ইফতার শেষে গল্প, আড্ডা আর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
হাসি-আনন্দে ভরপুর এই আয়োজন যেন সবার মনে রেখে যায় এক টুকরো উজ্জ্বল স্মৃতি। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়।
আয়োজনে উপস্থিত ছিল সাংবাদিক কামরুল হুদা, হাবিবুর রহমান বেলাল, হংকং প্রবাসী জাফর আলী হিরু, নুরুল হাদী, জামাল উদ্দিন ও আবদুল মজিদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন