
নিউজগার্ডেন ডেস্ক: সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম এর মালিকানাধীন সদরঘাট থানার অর্ন্তগত ৯৭, কবি কাজী নজরুল ইসলাম রোডস্থ সরকারি ভূ-সম্পত্তি, কতিপয় ভূমি দস্যুদের অবৈধ দখল প্রচেষ্টা প্রতিরোধে সিটি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদ বিন সাব্বির (অনার্স ৪র্থ বর্ষ), দেলোয়ার হোসেন (মাস্টার্স), খায়ের (অনার্স ৩য় বর্ষ), মেহেরিন (অনার্স ২য় বর্ষ), সানজিদা (অনার্স ২য় বর্ষ), আমান (মাস্টার্স)।
বক্তব্যে ছাত্র নেতৃবৃন্দ ভূমিদস্যুদের দখল প্রচেষ্ঠার বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। নেতৃবৃন্দ দাবি করেন দীর্ঘ ৬০ বছর ধরে এই সম্পত্তি সিটি কলেজের মালিকানায় কর্মচারী এবং শিক্ষকদের ডরমেটরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে সিটি কলেজের নতুন একাডেমিক ভবন স্থাপনে সরকারি পরিকল্পনা চলমান কিন্তু কার ইশারায় কিভাবে এই সম্পত্তি বেহাতে স্বার্থান্বেষী মহল তৎপর এটি তাদের বোধগম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং একাডেমিক ভবন স্থাপনের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণের জন্য ছাত্র-ছাত্রীগণ সরকারের কাছে জোর দাবী জানায়। ছাত্র নেতৃবৃন্দ এহেন ঘৃণ্য কাজ প্রতিরোধে এবং শিক্ষাবান্ধব ভূমিকা রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করে।
অন্যথায় সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে সিটি কলেজের সরকারি এই সম্পত্তি রক্ষায় ব্যাপক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে। ।









