আনোয়ারায় জন্মদাতা মায়ের উপর হামলা!

মোঃ সাইফুল ইসলাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকের টাকা না পেয়ে জন্মদাতা মায়ের উপর হামলার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা সুন্নাপাড়া এলাকায় কালা হাজির বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছেলে নিজের মায়ের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাদকের ভয়াবহতা এখন পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন