মাদকের টাকার জন্য মাকে মারধর, কিশোর পুলিশ হেফাজতে

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাতা মাকে মারধরের ঘটনায় এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, গতকাল আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ জাবেদুল ইসলাম জাবেদ (১৭) মাদকের টাকার দাবিতে তার মা মরিয়ম বেগমকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত জাবেদুল ইসলাম জাবেদ মৃত ইয়াকুবের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করত। ঘটনার দিন মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করে।
ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন