
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির উপর গণভোটের রায় অমান্যের অভিযোগ তুলে চট্টগ্রামের শুলকবহর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং শুলকবহর ওয়ার্ড। দলটির নেতাকর্মীরা দাবি করেন, গণরায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার আসরের নামাজের পর মুরাদপুর বেলাল মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এতে ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিয়ে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয় তুলে ধরেন।
ওয়ার্ড আমীর তাওহীদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি তার বক্তব্যে বলেন, গণরায় অমান্য করা হলে জনগণের অধিকার ক্ষুণ্ন হয় এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার হরণ, দমন-পীড়ন, বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার, আইনশৃঙ্খলা বাহিনীকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে। এছাড়া দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে বলেও তারা মন্তব্য করেন।
তারা আরও অভিযোগ করেন, আর্থিক খাতে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা দেশের জন্য উদ্বেগজনক।
এসময় আরও উপস্থিত ছিলেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম, কাতালগঞ্জ ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, সাইয়্যেদ আকবর হোসাইন শপন, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার দিদার, নুরুল হুদা আদিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা আশপাশের এলাকায় গণসংযোগ চালান এবং তাদের বক্তব্য জনগণের মাঝে তুলে ধরেন।









