
নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক প্রতিকূলতা ও বঞ্চনা কাটিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম এসোসিয়েটস লিমিটেড’। আজ (রোববার) বিকাল ৫ ঘটিকায় নগরীর লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.কে. খোদা তোতন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর। পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে উদ্বোধনী সভা ‘চট্টগ্রাম এসোসিয়েটস লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূর-এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন, “যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, আজ তারা নিজেদের স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে এ ধরনের বাণিজ্যিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০০ জন উদ্যোক্তার এই সম্মিলিত প্রয়াস চট্টগ্রামের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে এস.কে. খোদা তোতন বলেন, “চট্টগ্রাম এসোসিয়েটস লিমিটেড কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। দীর্ঘ সময় যারা জেল-জুলুম ও অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েছেন, তাদের মুখে হাসি ফোটানো এবং সম্মিলিত শক্তিতে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে একটি স্বচ্ছ ও শক্তিশালী অবস্থান তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ২০০ জন ক্ষুদ্র বিনিয়োগকারীর এই আমানতকে আমরা একটি সফল মডেলে রূপান্তর করতে বদ্ধপরিকর।”
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর নূর বলেন, “এটি বিগত ১৬-১৭ বছরের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত রাজনৈতিক কর্মীদের অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করার একটি প্লাটফর্ম। “রাজনৈতিক কর্মীদের অর্থনৈতিক পুনর্বাসনের এই মডেলটি অত্যন্ত সময়োপযোগী। দেশপ্রেমিক ও ত্যাগী কর্মীরা যখন একত্রিত হয়ে ব্যবসায়িক উদ্যোগ নেয়, তখন সেখানে সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও নিশ্চিত হয়। আমরা নিজেদের স্বনির্ভর করার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো সামাজিক প্রয়োজনে আরও সুসংহত ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ফিন্যান্স ডিরেক্টর মোস্তফা কামাল তালুকদার। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।









