
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের আদর্শিক বৈশিষ্ট্য অর্জন, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের জোন-৩ এর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা বৈঠক’২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের প্রথম বৈশিষ্ট্য হতে হবে সততা, ন্যায়পরায়ণতা ও আমানতদারিত্ব। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একজন কর্মীকে নিজেকে যোগ্য ও বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনে ইসলামী অনুশাসন মেনে চলা ছাড়া একজন কর্মীর আদর্শিক শক্তি গড়ে ওঠে না। ফরজ ও ওয়াজিব পালনে কোনো ছাড় দেওয়া যাবে না এবং হালাল-হারামের বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকারের প্রশ্নে আপোষহীন থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ ও সুবিধার চেয়ে সামগ্রিকভাবে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাকেই প্রাধান্য দিতে হবে। এতে করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এস এম লুৎফর রহমান বলেন, একজন প্রকৃত কর্মী দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে বিবেচনা করবে। তাই সব অন্যায়, অবিচার ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে।
বৈঠকে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মকবুল আহাম্মেদ ভূঁইয়া এবং জোন সহকারী পরিচালক ও শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার।









