আশ্বাসকৃত সময়ের মধ্যে বকেয়া বেতন-ওভারটাইম পরিশোধ করুন: শ্রমিক কল্যাণ ফেডারেশন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত আজিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।

আজ এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এ উদ্বেগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রেখে দেওয়া অত্যন্ত অমানবিক ও শ্রম আইন পরিপন্থী। ২০২২ সাল থেকে চলমান এই সংকট সমাধানে মালিকপক্ষের গাফিলতি শ্রমিক অসন্তোষকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে সড়ক অবরোধ ও বিক্ষোভের মাধ্যমে।

তারা উল্লেখ করেন, মালিকপক্ষ আগামী পাঁচ দিনের মধ্যে বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের আশ্বাস দিয়েছে—এটি ইতিবাচক হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

নেতৃবৃন্দ মালিকপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধ করতে হবে এবং চলতি মাসের বেতন নিয়মিত ও স্বাভাবিক রাখতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে শিল্পখাতে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, যার দায়ভার মালিকপক্ষকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে কোনো শিল্পপ্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালিত হতে পারে না। তাই দ্রুত সমস্যার সমাধান করে শ্রমিকদের কর্মপরিবেশে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। আমরা মনে করি মালিক- শ্রমিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা দরকার। উন্নয়ন উৎপাদনের স্বার্থে দ্বিপাক্ষিক আলোচনার বিকল্প নেই।

মন্তব্য করুন