
নিউজগার্ডেন ডেস্ক: প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইইই ক্লাবের উদ্যোগে গতকাল রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ও অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান। এছাড়াও ইইই বিভাগের সম্মানিত এলামনাইসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধান ইভেন্টে রোবোসকার, লাইন ফলোয়িং রোবট, সার্কিট সল্ভিং, পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান—সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী কামাল উদ্দিন আহম্মেদ বলেন, “সাউদার্ন ইউনিভার্সিটির এমন আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে”। বিশেষ করে প্রজেক্ট উপস্থাপনে তিনি তিনটি বিষয়ের উপর জোর দেন। বায়ু বিদ্যুৎ টারবাইন—এর ভার্টিকেল প্ল্যান, সৌর বিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্টগুলো বেশ যুগোপযোগী। ফুয়েল নির্ভল সিস্টেম থেকে বেরিয়ে এসে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প খুঁজতে হবে। সাউদার্ন ইউনিভার্সিটিতে উপস্থাপিত প্রজেক্টগুলোর বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে ভবিষ্যতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তাঁর বিশ্বাস।
বিশেষ অতিথি প্রকৌশলী আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে আউটকাম বেজড এডুকেশন সিস্টেম বাস্তবায়নের উপর জোর দেন। প্রাতিষ্ঠানিক পড়াশুনার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষণের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এ লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের জন্য জিইএম কোং লিমিটেড—এ পরিদর্শন ও প্রশিক্ষণের যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিযোগিতা শেষে ইইই বিভাগের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আবৃত্তি, নাচ, গান এবং নাট্য পরিবেশন এর মাধ্যমে শিক্ষার্থীরা দর্শকদের মনোমুগ্ধ করেন। সন্ধ্যায় এক বিশেষ কনসার্ট এর মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামানো হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করেছে বলে মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরো ব্যাপক পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। এ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে অটোমেশন বিডি, দ্যা ইংলিশ একাডেমি, নিউরো কেয়ার, লিজা বিউটি পার্লার এন্ড মেকওভার।









