
নিউজগার্ডেন ডেস্ক: সিএসসিআর হাসপাতাল এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬। “Our Nurses, Our Future, Empowered Nurses Save Lives” এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মত বাংলাদেশেও আজ পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।
এই উপলক্ষে সিএসসিআরে কর্মরত নার্স এবং সিএসসিআর পরিবারের সদস্যদের উদ্যোগে আজ সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএসসিআর এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হন। বেলুন উড়িয়ে এবং কেক কেটে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ আহমেদ, ডায়াগনষ্টিক পরিচালক অধ্যাপক ডাঃ এম এ কাশেম, অর্থ পরিচালক ডাঃ একরামুল হক, সি.ও.ও ডাঃ সালাউদ্দিন মাহমুদ, আর.এম.ও ডাঃ এমজাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও মেট্রোন নাসিমা আক্তার।
বক্তারা বলেন ২০২৬ সালের “বিশ্ব নার্সেস ডে” আমাদের মনে করিয়ে দেয় যে নার্সরা শুধু রোগীর সেবাই করেন না, তারা আশা, সাহস এবং মানবতার প্রতীক। হাসপাতাল, ক্লিনিক কিংবা জরুরী পরিস্থিতি সহ সব জায়গায় তাদের নিরলস পরিশ্রম মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে নার্সরা অবমূল্যায়িত এবং স্বল্পপ্রশংসিত। তাঁরা বলেন চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ডিপ্লোমা নার্সদের পাশাপাশি গ্র্যাজুয়েট নার্সদের জন্য কোর্স চালু রয়েছে। নার্সদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ এবং পোষ্টগ্র্যাজুয়েট কোর্স চালু করার উপর ও তাঁরা গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা আধুনিক নার্সিং এর রুপকার মহিয়সী নারী ফ্লেরেন্স নাইটেংগেল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর নির্দেশিত পথে আর্ত মানবতার সেবায় নার্সদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।









