
নিউজগার্ডেন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১৩ জুন শনিবার লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের কল্যাণে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন। এই বিভাগীয় সমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতি গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে ইনশাআল্লাহ।
আজ সোমবার সন্ধ্যা ৭.১৫ টায় ১৩ জুন লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উত্তরাঞ্চলের থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম সহ প্রমুখ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানী তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধি জনগণকে অতিষ্ট করে তুলেছে। সবকিছুর মূল্যবৃদ্ধি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করে যাচ্ছে, মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করলে জনগণ সরকার পতনের ডাক দিতে বাধ্য হবে। তাই দলমত সবশ্রেণীর মানুষকে সাথে নিয়ে জনদুর্ভোগ নিরসনে সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। সরকার নিজ দলের কর্মী সহ দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। সরকারকে জনগণের স্বার্থে সকল ধরনের দুষ্কৃতি বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, হাজারো রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কোন উদ্যোগ নেই। বরং জুলাই সনদকে অকার্যকর করার বিভিন্ন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে । গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের আহুত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ডের পাশাপাশি ইউনিট পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে।









