চমেকের বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, ৩০% ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা এবং মেয়রের উপস্থিতিতে ৩০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী

এক প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দে বলেন, চট্টগ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, হাসপাতাল প্রাঙ্গণে বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং মেয়রের উপস্থিতিতে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বৃদ্ধির সিদ্ধান্তের খবর জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।
একজন রোগী বা তার স্বজন যখন জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের প্রয়োজন অনুভব করেন, তখন তাদের প্রথম চিন্তা থাকে দ্রুত ও সাশ্রয়ীভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা। সেই জায়গায় প্রতিযোগিতা সীমিত করে বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেওয়া হলে সাধারণ মানুষের বিকল্প বেছে নেওয়ার অধিকার ক্ষুণ্ন হয়। এর ফলে সেবার মান ও ভাড়ার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৩০% ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে। চিকিৎসা ব্যয় এমনিতেই অনেক পরিবারের জন্য বড় বোঝা। তার ওপর অ্যাম্বুলেন্স ভাড়া বৃদ্ধি রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বাড়াবে।
আমরা বিশ্বাস করি, হাসপাতাল জনগণের সেবা নিশ্চিত করার স্থান। এখানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী, স্বজন এবং সাধারণ নাগরিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা এবং অযৌক্তিক ভাড়া বৃদ্ধি পুনর্বিবেচনা করে সবার জন্য উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও জনবান্ধব ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাই।
চিকিৎসাসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করুন।
একই সঙ্গে আমরা মনে করি, জনমতের কাছে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত অবস্থানে থাকা মেয়রের এই প্রক্রিয়ায় উপস্থিতি ও সম্পৃক্ততা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কার্যক্রমকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে প্রতীয়মান হয়েছে।
জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তকে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের মাধ্যমে গ্রহণযোগ্য করার চেষ্টা অগ্রহণ যোগ্য । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

মন্তব্য করুন