
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, নিষিদ্ধ শ্রমিক লীগের অপতৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। শিল্পাঞ্চল ও শ্রম অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি এবং ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা এখনই কঠোরভাবে প্রতিহত করতে হবে। অন্যথায় সরকার ও রাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে।
তিনি আজ বাদ মাগরিব জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সাংগঠনিক পক্ষ ও ট্রেডভিত্তিক দাওয়াতি পক্ষ উপলক্ষে আয়োজিত সেক্টর নেতৃবৃন্দের সম্মেলনে সভাপতির উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলন সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
এস এম লুৎফর রহমান বলেন, বন্দর, শ্রম অধিদপ্তর ও বিভিন্ন শিল্প-কারখানাকে ঘিরে নিষিদ্ধ শ্রমিক লীগের অপতৎপরতা এবং তাদের পুনর্বাসনের চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে অসৎ নেতৃত্ব যদি ব্যক্তিস্বার্থ উদ্ধার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের রাজনীতিতে জড়িয়ে পড়ে, তবে প্রকৃত শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হবে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হবে। শিল্প-কারখানা ও উৎপাদন খাতকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থের পরিপন্থী।
তিনি ট্রেড ইউনিয়ন নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ট্রেডভিত্তিক দাওয়াতি কার্যক্রম জোরদার এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আদর্শ, সততা ও জনকল্যাণভিত্তিক নেতৃত্বের মাধ্যমেই শ্রমিক সমাজের আস্থা অর্জন সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করবে এবং কোনো অপশক্তিকে শ্রমিক আন্দোলনকে ব্যক্তিস্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেবে না।
সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম,আইন আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানি, চট্টগ্রাম বন্দর শ্রমিক নেতা মুহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ।









