
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে টানা বর্ষণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম।
বুধবার (৮ জুলাই) বিকেলে সংগঠনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্য সচিব অধ্যাপক ডা. খুরশিদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন: “টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিশাল এলাকা আজ পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে বহদ্দারহাট, ২ নম্বর গেট, হালিশহর, কাপাসগোলা, ফিরোজশাহ, আকবরশাহ, বাকলিয়াসহ নগরীর অধিকাংশ এলাকার মানুষ চরম পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। রাস্তাঘাট, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে।”
বিবৃতিতে নেতৃদ্বয় দুঃখ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে চলা এই জলাবদ্ধতা চট্টগ্রামের মানুষের জন্য এখন স্থায়ী অভিশাপে পরিণত হয়েছে। তবে সিডিএ, চসিক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে। বিগত সময়ে পাহাড় টাকা, খাল ও পুকুর ভরাটসহ পরিবেশ বিধ্বংসী নানা কারণের ফল এই জলাবদ্ধতা। এই সংকটময় মুহূর্তে কেবল প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ দেশের বিত্তবান শ্রেণী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যে যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে অবিলম্বে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে নগরবাসীর এই কঠিন দুর্ভোগ কিছুটা লাঘব করতে।









